ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন—আজ শুক্রবার এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। দেশের বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ করা হয়েছে এমন খবর। তবে নির্ভরযোগ্য কোনো সূত্রে এখন পর্যন্ত এর সত্যতা পাওয়া যায়নি।
এদিকে সংগঠনটির ঢাবি কমিটির সাধারণ সম্পাদক মাঈন আহমেদ শুক্রবার সন্ধ্যায় নাগরিক প্রতিদিনকে বলেন, ‘দুপুরের পর শারীরিক অবস্থার অবনতি হলে মেঘমল্লারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন, তার রিকভারি চলছে।’
মাঈন আহমেদ আরও জানান, মেঘমল্লার বসু সম্প্রতি মানসিক চাপে ছিলেন এবং উদ্বেগজনিত সমস্যায় ভুগছিলেন। সেজন্য ঘুমের ওষুধ খেয়েছিলেন। ঘুমের ওষুধসহ মোট ১৯টি ট্যাবলেট সেবন করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটি আত্মহত্যার চেষ্টা ছিল কি না—এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
তিনি বলেন, “১৯টা ওষুধ খেলে সাধারণত মৃত্যু হয় না। কিন্তু তার আগের স্বাস্থ্যগত জটিলতা ছিল। কিছুদিন আগে একটি সার্জারি হয়েছিল এবং শ্বাসকষ্টের সমস্যাও ছিল। ফলে পরিস্থিতি জটিল হয়ে যায়। দ্রুত ‘ওয়াশ’ করা সম্ভব হয়নি বলেই শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।”
চিকিৎসকদের বরাতে মাঈন আহমেদ জানান, বর্তমানে ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।