ঘাটতি থাকা সত্ত্বেও নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা বিএনপি সরকার করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, ‘রোজার মাসে ইফতার, তারাবিহ ও সেহরির সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারি, সে চেষ্টা আমাদের রয়েছে। বিদ্যুতের ঘাটতি রয়েছে। সুন্দর ব্যবস্থাপনায় কীভাবে জনদুর্ভোগ কমানো যায়, সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি।’
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সার্কিট হাউজে জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দেশবাসীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের একটু সময় দিতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। সুন্দর পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ বিভাগের নানা সংকট ও সমস্যার সমাধান আমরা করতে পারব।’
সামনের বোরো মৌসুমে রেশনিং করে হলেও চাষিদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রমজানের পরেই সেচের মৌসুম। চাষিদের বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের প্রস্তুতি নিতে বলেছি। অন্য জায়গা থেকে রেশনিং করে হলেও সেচের মৌসুমে চাষিদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। সেচ মৌসুমে চাষিদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ, পানি নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ।’