নিরাপত্তা উদ্বেগ ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপ অনুশীলন ঘাঁটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি এ তথ্য জানিয়েছেন।
শনিবার (২৩ মে) ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এক বিবৃতিতে জানান, ফিফার অনুমোদন পাওয়ার পর ইরানের বিশ্বকাপ বেজক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
এর আগে, ইরানের অনুশীলন ঘাঁটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুকসনে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত ও নিরাপত্তা উদ্বেগের কারণে স্থান পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল।
ফেডারেশন জানায়, এখন দলটির ঘাঁটি হবে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানা, যা যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর ঠিক দক্ষিণে অবস্থিত।
মেহদি তাজ বলেন, ‘বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের বেজক্যাম্পের জন্য ফিফার অনুমোদন নিতে হয়। ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং তেহরানে ফিফা মহাসচিবের সঙ্গে অনলাইন আলোচনার পর আমাদের আবেদন অনুমোদন করা হয়েছে।’
গ্রুপ ‘জি’-তে থাকা ইরান ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর ছয় দিন পর তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। আর ২৬ জুন সিয়াটলে খেলবে মিশরের বিরুদ্ধে।
ফেডারেশনের মতে, টিজুয়ানা ইংলউডের কাছাকাছি হওয়ায় দলটি ভ্রমণ সুবিধা পাবে। সেখানে অনুশীলন মাঠ, জিম, ব্যক্তিগত রেস্টুরেন্টসহ প্রয়োজনীয় সব সুবিধা থাকবে।
‘টিম মেল্লি’ নামে পরিচিত ইরানের জাতীয় দল টানা চতুর্থবার এবং সব মিলিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। তবে তারা কখনো প্রথম রাউন্ড পেরোতে পারেনি।
ফেডারেশন আরও জানিয়েছে, বেজক্যাম্প স্থানান্তরের ফলে সম্ভাব্য ভিসা জটিলতাও কমবে, কারণ দলটি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিভিন্ন সময়ে ভিন্নধর্মী মন্তব্য করেছেন। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগেই নিশ্চিত করেছেন, ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে ও যুক্তরাষ্ট্রেও খেলবে।
তথ্যসূত্র: সিবিএস নিউজ