বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে গোলাগুলির ঘটনায় নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এই শহরেই রয়েছে ইংল্যান্ড দলের বিশ্বকাপ বেস ক্যাম্প। শনিবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন। তবে আহতদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
কানসাস সিটি পুলিশ জানায়, আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনাস্থলটি ইংল্যান্ড দলের অনুশীলন মাঠ সোপ সকার ভিলেজ থেকে খুব বেশি দূরে নয়। তবে গোলাগুলির সময় ইংল্যান্ড দল কানসাস সিটিতে ছিল না।
ইংল্যান্ড দল এখনো তাদের প্রস্তুতি সূচির অংশ হিসেবে অন্য ভেন্যুতে অবস্থান করছে। বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা তাদের। এরপর বিশ্বকাপ মিশনের জন্য কানসাস সিটিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে দলটির।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিশ্বকাপের আগে এমন একটি ঘটনা ইংল্যান্ড দল তো বটেই, টুর্নামেন্টে অংশ নেওয়া অন্যান্য দেশের নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা দীর্ঘদিনের পরিচিত সমস্যা। বিশ্বকাপের মতো বড় আসরের আগে কানসাস সিটির এই ঘটনা আয়োজকদের নিরাপত্তা প্রস্তুতি আরও কঠোর করার চাপ বাড়াতে পারে।
সবমিলিয়ে মাঠে নামার আগেই ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি ঘিরে তৈরি হলো অস্বস্তির আবহ। ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন, মাঠের বাইরের এই শঙ্কা সামলে দলগুলো কতটা নিরাপদ পরিবেশে টুর্নামেন্ট শুরু করতে পারে।