যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতির’ মধ্যেই ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান মদদদাতা’ বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ভারতের নয়াদিল্লিতে রোববার (২৪ মে) এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন বলে জানিয়েছে আল জাজিরা।
সংবাদ সম্মেলনে রুবিও বলেন, ‘পৃথিবীর কোনো দেশই ইরানের চেয়ে বেশি সন্ত্রাসবাদে মদদ দেয় না।’
লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাসকে অর্থায়ন ও মদদ জোগাতে ইরান বিনিয়োগ করছে বলেও দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
রুবিও বলেন, ‘বিশ্বে সন্ত্রাসবাদের প্রধান মদদদাতা রাষ্ট্র হলো ইরান। তারা বর্তমানে কী করছে, তা একবার দেখুন। তারা বেসামরিক জাহাজগুলোকে জিম্মি করছে। একটি আন্তর্জাতিক নৌপথে তারা মাইন পেতে রেখেছে।’
এর আগে এদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে চুক্তির প্রচেষ্টায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। তার সঙ্গে সুর মিলিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, চুক্তির ‘অধিকাংশ বিষয়ে সমঝোতা হয়ে গেছে’ এবং বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে।
যদিও এ বিষয়ে ইরানের তরফ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি। বরং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তাদের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সম্মতি ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।