হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকা এই সংকীর্ণ জলপথের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের দুজন পাইলটই অক্ষত আছেন।
তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তিনি প্রকাশ করেননি।
এদিন হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কেউ আহত হননি। পাইলটেরা ভালো আছেন। আমরা আগামীকাল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করব।’
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা স্বীকার করেছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
মার্কিন সামরিক অভিযানে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বড় শক্তি হিসেবে কাজ করে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে ইরানি তেল পরিবহন ঠেকানোর প্রচেষ্টায় এসব হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
গতকাল ইরান ও ইসরায়েলের মধ্যে ঘটে যাওয়া বিমান হামলার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি মধ্যপ্রাচ্য। এই পাল্টাপাল্টি হামলার কারণে পুরো অঞ্চলে বর্তমানে বহাল থাকা যুদ্ধবিরতি চুক্তিটি চরম ঝুঁকির মধ্যে পড়েছে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন, একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীরা এখন ‘একেবারে শেষ পর্যায়ে’ রয়েছেন।
এই প্রক্রিয়া সম্পন্ন হতে আরও ‘দুই বা তিন দিন’ সময় লাগতে পারে বলেও জানান তিনি।