জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ‘ফ্যাসিবাদ আমলের অপরাধীদের বিচার না করলে বিচারহীনতার সংস্কৃতি পরবর্তীতে আমাদের অপরাধী করে তুলতে পারে। তাই ফ্যাসিবাদী শিক্ষকদের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় শিক্ষক সমিতির লাউঞ্জে রোববার (১৫ ফেব্রুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিক্ষক সমিতির সভাপতি বলেন, 'এখন মুক্ত বাতাসের সুযোগ তৈরি হয়েছে। অনেকেই আমাদের সঙ্গে আসছেন। আমরা তাদের স্বাগত জানাচ্ছি। তবে যদি কেউ অপরাধী হন বা ফ্যাসিবাদী সময়ে কোনো অপরাধে জড়িত থাকেন, তাদের আমরা নেব না। এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমরা সহযোগিতা প্রত্যাশা করি।'
বিশ্ববিদ্যালয়ের দখল হওয়া হলগুলো উদ্ধারের প্রসঙ্গে রইছ উদ্দীন জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একসময় ১১টি হল থাকলেও বর্তমানে কার্যকরভাবে দুই থেকে তিনটি হল রয়েছে। এর মধ্যে দুইটির কার্যক্রম আংশিকভাবে চলছে। বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে নির্বাচনের আগে বৈঠকে হলগুলো উদ্ধারের বিষয়ে প্রতিশ্রুতি পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের বাজেট নিয়ে সভাপতি বলেন, বাজেট বৃদ্ধির জন্য নিয়মিত প্রস্তাব দেওয়া হলেও তা কাঙ্ক্ষিতভাবে বাস্তবায়ন হয়নি। ভবিষ্যতে প্রশাসনিক পরিবর্তন হলে বাজেট বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। তবে শিক্ষক সমিতি এ বিষয়ে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাবে। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেরানীগঞ্জে স্থানান্তরের যে পরিকল্পনা ছিল, তা বাস্তবায়ন হবে না। বর্তমান ক্যাম্পাস অক্ষুণ্ণ রেখে এর পরিসর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সরকারপ্রধান ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘শান্তিপূর্ণ’ ছিল মন্তব্য করে রইছ উদ্দীন বলেন, ‘১৯৭১ থেকে ২০২৬ সাল পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মধ্যে এবারের নির্বাচন ছিল সবচেয়ে শান্তিপূর্ণ, সংঘাতহীন ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচন। এ ধরনের স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের ইতিহাসে বিরল। এ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক প্রমুখ।