রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) চাঁদা দাবির ঘটনায় করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনসহ তিনজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। রিমান্ডপ্রাপ্ত বাকি দুই আসামি হলেন, এমবি স্বপ্নন কাজী ও শাওন হোসেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদেরকে সাতদিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার মঈন উদ্দিনকে নড়াইলের কালিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিনে তার চার সহযোগী মো. ফালান মিয়া, মো. রুবেল, ফারুক হোসেন সুমন ও মো. লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়। ওই দিন আদালত তাদের চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গত ১১ এপ্রিল হাসপাতালটির অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদি হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় মঈন উদ্দিনকে (মঈন) প্রধান আসামি করা হয়। এ ছাড়া মামলায় আরও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দ-বিধির ১৪৩/৪৪৭/৩৮৫/৩৪ ধারার অভিযোগ আনা হয়েছে।