রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে দুই হাজার ৩৫৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ছাড়া ৬০৯টি যানবাহন ডাম্পিং ও ৩২৯টি যানবাহন রেকার করেছে তারা।
বুধবার (১ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার পরিচালিত অভিযানে ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৪৭৪ ও ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬৮টি মামলা করা হয়। এ ছাড়া উত্তরা বিভাগে ৪২৩, গুলশান বিভাগে ২৫০, তেজগাঁও বিভাগে ২৩৬, লালবাগ বিভাগে ২৩৫, ওয়ারী বিভাগে ১৬৭ ও ট্রাফিক-রমনা বিভাগে ১০৪টি মামলা করা হয়।
বিভিন্ন বিভাগের অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এসব মামলা করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক আইন প্রয়োগে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।