রাজধানী পল্টন থানাধীন বিজয়নগর পল্টন আবাসিক হোটেল থেকে শহিদুল ইসলাম (বাবুল) হাজরা (৬৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় পার্টির নেতা ছিলেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, 'আমরা খবর পেয়ে বিজয়নগর পল্টন আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
তিনি আরও বলেন, 'আমরা পরিবারের কাছে থেকে জানতে পেরেছি, নিহত ব্যক্তি হার্টের রোগী ছিলেন। দুবার স্ট্রোক হয়েছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।'
নিহতের ভাগ্নে রাহাতুল ইসলাম শাকিল বলেন, 'আমার মামা বাগেরহাট জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন, নির্বাচনী কাজে গতকাল তিনি ঢাকায় এসে ওই আবাসিক হোটেলে ওঠেন। আজ আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে আমার মামার লাশ দেখতে পাই।'
তিনি আরও বলেন, 'আমার মামার গ্রামের বাড়ি বাগেরহাট সদর জেলার কচুয়া থানার আকবর আলী হাজরা ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।'