দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন হাসান ও. রশিদ। ২০০৭ সাল থেকে এ পদে থাকা আলী রেজা ইফতেখার দায়িত্ব ছাড়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। দেশের ব্যাংকিং খাতে এত দীর্ঘ সময় একই পদে দায়িত্ব পালনের নজির খুবই বিরল।
ইস্টার্ন ব্যাংকে যোগদানের আগে হাসান ও. রশিদ প্রাইম ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংকেই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
ব্যাংক সোমবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩১ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার দেশীয় ও বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ, এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চপদে কাজ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রূপান্তর, উদ্ভাবন ও কৌশলগত নেতৃত্বের জন্য হাসান ও. রশিদ সুপরিচিত।
তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং থান্ডারবার্ড স্কুল অব ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট থেকে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ‘ওয়াল স্ট্রিট জার্নাল স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন। এ ছাড়া যুক্তরাজ্যের ওমেগা থেকে ‘ক্রেডিট প্রফেশনাল’ সনদ অর্জন করেছেন।