বাংলাদেশের জন্য আরেকটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি বয়ে এনেছে ডিবিএল সিরামিকসের টেকসই উদ্যোগ ‘টাইলচক’। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ম্যাড স্টারস ২০২৬-এ ‘SDG’ ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স অর্জন করেছে উদ্যোগটি। একই আয়োজনে ‘PR’ এবং ‘Brand Experience & Activation’ ক্যাটাগরিতে দুটি ‘Crystal Award’-ও পেয়েছে ‘টাইলচক’।
ডিবিএল সিরামিকসের উদ্যোগে তৈরি ‘টাইলচক’ মূলত সিরামিক উৎপাদন প্রক্রিয়ায় তৈরি বর্জ্য বা কাদা পুনর্ব্যবহার করে ক্লাসরুমের চক তৈরির একটি উদ্ভাবনী উদ্যোগ। এর মাধ্যমে শিল্পকারখানার বর্জ্যকে নতুন সম্পদে রূপান্তরের পাশাপাশি বর্জ্য হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাক্ষেত্রে সামাজিক উন্নয়নের সুযোগ তৈরি করা হয়েছে।
ম্যাড স্টারস ২০২৬-এর এই তিনটি স্বীকৃতি ‘টাইলচক’-এর আন্তর্জাতিক অর্জনের তালিকায় নতুন মাত্রা যোগ করেছে। এর আগে উদ্যোগটি অ্যাডফেস্ট, দ্য ওয়ান শো, অ্যাডফোরাম ফিনিক্স অ্যাওয়ার্ডস এবং স্পাইকস এশিয়ার মতো আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে।
‘টাইলচক’-এর অন্যতম বৈশিষ্ট্য হলো, সিরামিক উৎপাদন থেকে তৈরি বর্জ্যকে ফেলে না দিয়ে তা ব্যবহার করে লেখার চক তৈরি করা। উদ্যোগটির মাধ্যমে এই প্রক্রিয়াকে ‘ওপেন সোর্স’ করার লক্ষ্যও নেওয়া হয়েছে, যাতে অন্য প্রতিষ্ঠান ও উদ্যোগগুলোও একই ধারণা অনুসরণ করে বর্জ্যকে নতুনভাবে সম্পদ হিসেবে বিবেচনা করতে পারে।
ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ‘টাইলচক যেসব স্বীকৃতি পেয়েছে, তার প্রতিটির জন্যই আমরা কৃতজ্ঞ। ম্যাড স্টারস-এর এই স্বীকৃতিও আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতিগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, এখানে থেমে থাকার নয়।’
তিনি আরও বলেন, ‘বর্জ্য কমাতে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে আমাদের এখনও অনেক কিছু করার আছে। ‘টাইলচক’ আমাদের দেখিয়েছে যে, নিজেদের শিল্পের ভেতরের চ্যালেঞ্জগুলোর দিকে ভিন্নভাবে তাকালে সমাধান পাওয়া সম্ভব। এখন আমাদের দায়িত্ব হলো উদ্ভাবন চালিয়ে যাওয়া, নতুন কিছু শেখা এবং আরও সাস্টেইনেবল ফিউচারের জন্য কাজ করে যাওয়া।’
ডিবিএল সিরামিকস ও পপ ফাইভ-এর যৌথ উদ্যোগে তৈরি ‘টাইলচক’-এর আন্তর্জাতিক স্বীকৃতি স্থানীয় উদ্ভাবনের বৈশ্বিক সম্ভাবনাকেও তুলে ধরেছে। শিল্পবর্জ্য ব্যবস্থাপনার মতো একটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত এই উদ্যোগ একই সঙ্গে দায়িত্বশীল উৎপাদন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উদ্ভাবনের প্রতি ডিবিএল সিরামিকসের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।