ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রী সীমা বেগমের বঁটির কোপে ভাসুর টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত টুকু মোল্লা গুনপালদী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। পুলিশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে।
সীমা বেগম ভাসুরকে কুপিয়ে পালিয়ে গেছেন। তিনি তুরস্ক প্রবাসী সোহাগ মোল্লার স্ত্রী।
নিহতের চাচাতো ভাই শাহিন মোল্লা বলেন, আমার ছেলে আবিরের সুন্নতে খৎনার অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে টুকু বাড়িতে আসেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় টুকু তার ঘরে গিয়ে ছোট ভাইয়ের বউয়ের সাথে হাঁস পালনকে কেন্দ্র করে কথা কাটাকাটি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সীমা হাতে থাকা বঁটি দিয়ে টুকুকে কোপ দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জানান, সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করি। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমা বেগমকে ধরতে পুলিশ কাজ করছে।