সুনামগঞ্জে খালের সেচের পানিতে জলমহাল ইজারাদারের অবৈধ দখলদারি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন দেশের অন্যতম বৃহৎ খরচার হাওরের শত শত কৃষক পরিবার। শনিবার (২০ ডিসেম্বর) সকালে খরচার হাওরপাড়ের পীলখানা, বড়গাট, জগাইরগাঁও, পুরান লক্ষনশ্রী, কুতুবপুর, রাধানগর, লালপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ এই মানববন্ধনে অংশ নেয়।
হাওরের মাঝে মানববন্ধনে দাঁড়িয়ে কৃষকরা অভিযোগ করে বলেন, বিলের ইজারা নিয়ে কৃষকদের জমি চাষের জন্য খনন করা খাল থেকেও পানি সেচ দিতে বাঁধা দিচ্ছে খরচার হাওরের জলমহাল ইজারাদারের লোক। রাতের আঁধারে চুরি করে নিয়ে যাচ্ছে কৃষকের সেচ মেশিন, কেটে দিচ্ছে চাষের জন্য জমানো পানির বাঁধ। প্রতিবাদ করলে কৃষকদের নামে করা হচ্ছে মামলা। ইজারাদারের এই হয়রানি বন্ধ না করলে অনাবাদি থাকবে হাওরের শত শত হেক্টর কৃষি জায়গা, ক্ষতিগ্রস্ত হবে কৃষক৷
হাওরাঞ্চলে কৃষকের দাবি, কৃষি জমি রক্ষা করতে ইজারাদারদের হয়রানি বন্ধের বিষয়টি যেন প্রশাসন গুরুত্ব দিয়ে দেখে।