বাংলা নববর্ষকে বরণ করতে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে তাদের বর্ষবরণ প্রস্তুতি নিতে দেখা যায়।
এ সময় বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বাঁশ, কাগজসহ দেশীয় উপকরণ ব্যবহার করে বিভিন্ন শৈল্পিক কাঠামো ও মুখোশ তৈরি এবং রঙতুলির কাজ করতে দেখা যায়।
জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখের দিন সকালে আয়োজন করা হবে বৈশাখী শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। শোভাযাত্রাকে ঘিরে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
নববর্ষের প্রস্তুতি প্রসঙ্গে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদের ভিপি খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, বাংলা নববর্ষের প্রস্তুতির কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে। প্রাথমিক পর্যায়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগে কিছুটা বিঘ্ন ঘটলেও পরবর্তীতে উপাচার্যের সঙ্গে আলোচনা করে সব ঠিক হয়েছে।
চারুকলা ইনস্টিউিটের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে প্রথমবারের মতো বাংলা নববর্ষ উদযাপনের সুযোগ পাওয়া অত্যন্ত আনন্দের।পূর্বে সীমিত পরিসরে ক্যাম্পাসের বাইরে নববর্ষ উদযাপন করা হলেও এবার বৃহৎ পরিসরে ক্যাম্পাসে উৎসবে অংশগ্রহণ করা যাবে।