চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুট দৈর্ঘ্যের ‘কিং কোবরা’ প্রজাতির সাপ উদ্ধার করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেস (থ্রিএসএ) সংগঠনের সদস্যরা। রোববার (১২ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদ (আব্দুল করিম ভবন) সংলগ্ন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, আব্দুল করিম ভবনের সামনে কিং কোবরা সাপটি দেখতে পেয়ে পুরাতন কলা অনুষদের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থী সংগঠনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন। এরপর থ্রিএসএ সংগঠনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে থ্রিএসএ’র উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিকবার ‘কিং কোবরা’ দেখা যাচ্ছে। কারণ, বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের পাহাড়গুলো বনবিভাগ ও স্থানীয়দের দখলে রয়েছে। সেখানে চাষাবাদ হওয়ার ফলে সাপ জনসম্মুখে চলে আসছে।’’
এর আগে, গত শুক্রবার (১০ এপ্রিল) স্টাফ কলোনির একটি বাসা থেকে ৮ ফুট দৈর্ঘ্যের আরেকটি সাপ উদ্ধার করা হয়।