সোনারগাঁও ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো এবং প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল প্রাক্তন শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে আয়োজন করা হয় ‘ওরিয়েন্টেশন ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’। রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন পথে যাত্রা শুরু করা শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সোনারগাঁও ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২৭ জন সফল সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল আজিজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন, সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী (শীপু) এবং মীর আবদুল আলিম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। নাচ, গান ও নানা পরিবেশনার মধ্য দিয়ে নবীনদের স্বাগত জানানো হয়। প্রাণবন্ত এই আয়োজনে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটি আরও আনন্দঘন ও স্মরণীয় হয়ে ওঠে।