ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সাক্ষাৎকারেও অংশ নিয়েছেন তিনি। তার এই রাজনৈতিক যাত্রা এখন শোবিজ অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ইতোমধ্যে বেবী নাজনীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীনসহ একাধিক তারকা বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী আজমান নাসির।
চমক জানান, কুষ্টিয়া-৪ আসনের জন্য সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি। এদিকে শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ওই দিন বিকেলে সাক্ষাৎকারেও অংশ নেন অভিনেত্রী।
সাক্ষাৎকার শেষে চমক গণমাধ্যমকে জানান, তিনি দেশের জন্য কাজ করতে চান, বিশেষ করে নারীদের উন্নয়নে অবদান রাখতে চান। তার মতে, এই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। তিনি মনে করেন বিএনপির সঙ্গে যুক্ত হলে সেই সুযোগ পাওয়া যাবে। দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদও জানান এই অভিনেত্রী।
তিনি জানান, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বিএনপিকে সেবা দিতে চান কি না, জবাবে তিনি হ্যাঁ বলেন। তবে তার প্রধান লক্ষ্য দেশকে সেবা করা। বিএনপি যদি সেই সুযোগ দেয়, তবে তিনি কৃতজ্ঞ থাকবেন বলেও জানান।
অন্যদিকে, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চমক লেখেন, তিনি নতুন যাত্রা শুরু করেছেন এবং শিগগিরই বিস্তারিত জানাবেন। পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও পাশে থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। পরে একাধিক নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।