গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব প্রেক্ষাগৃহের সিনেমা প্রদর্শনী এরইমধ্যে বন্ধ হয়েছে। কারণ দর্শক এখন নির্বাচনমুখী। দর্শক খরার কারণে তাই চলতি সপ্তাহের মধ্যভাগ থেকেই বন্ধ হতে থাকে দেশের চালু থাকা প্রেক্ষাগৃহগুলো।
এ প্রসঙ্গে চলচ্চিত্র হল মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন নাগরিক প্রতিদিনকে বলেন, ‘ হলে নতুন ছবি নাই। আর এখন নির্বাচনের দিকেই সবার মনযোগ। তবে শুক্রবার থেকে সিনেমা প্রদর্শনী শুরু করবে বেশ কিছু প্রেক্ষাগৃহ।’
এদিকে রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে অবস্থিত আধুনিক সিনেপ্লেক্সগুলোও বন্ধ আছে। আজ বুধবার ও বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহ বন্ধ থাকবে। শুক্রবার থেকে যথারীতি দর্শক সিনেমা উপভোগ করতে পারবেন সেখানে।
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ব্লক-বাস্টার সিনেমাস জানিয়েছে, নির্বাচনের মধ্যে প্রেক্ষাগৃহটি তিন দিন বন্ধ থাকবে। আজ থেকে শুক্রবার পর্যন্ত কোনো শো চলবে না। শনিবার খুলবে।
আজ ও আগামীকাল বন্ধ থাকবে লায়ন সিনেমাস। শুক্রবার থেকে শো চালু করবে প্রেক্ষাগৃহটি।
চলচ্চিত্র পরিবেশক ও প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘ দেশে নির্বাচন ছাড়া এখন আর কোনো কিছুতে মানুষের আগ্রহ নাই। তাই সিনেমা হল চালু রেখে লোকসান বাড়ানোর চেয়ে বন্ধ রাখাই সঠিক সিদ্ধান্ত।’
এদিকে আগামী ১৪ তারিখ পর্যন্ত নাটক সিনেমার শুটিং কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে শুটিং হাউস পরিচালনাকারী সংগঠন থেকে থেকে জানা গেছে।