আওয়ামী লীগের দলীয় অফিস খুলে কার্যক্রম পরিচালনা ও জয়বাংলা স্লোগান দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে তিনি দাবি করেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল ও তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই।
সাম্প্রতিক জাতীয় নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতার বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে জুবায়ের বলেন, ‘এসব বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত দলটি পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। শাসক দলের কথিত ছাড় দেওয়ার মানসিকতা তাদের প্রত্যাশাকে উৎসাহিত করছে।’ এ ধরনের অবস্থানের নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতের এই নেতা।
জুবায়ের আরও বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খুলে স্লোগান দেওয়া হচ্ছে, যা জনমনে ভীতির পরিবেশ তৈরি করছে। ফলে জনগণের মধ্যে ক্ষোভ, উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে এবং অতীতের দমন-পীড়নের পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে সরকার ও প্রশাসনের দৃশ্যমান কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।’
বিবৃতিতে তিনি সরকারের কাছে দেশবাসীর সামনে তাদের সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান তুলে ধরার আহ্বান জানানো হয়।