দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) কীভাবে গতিশীল করা যায় সে বিষয়ে সংস্থাটির মহাসচিব মো. গোলাম সারওয়ারের কাছে জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তিনি সার্কের মহাসচিব।
সার্ক মহাসচিব বলেন, ‘বর্তমানে যে সরকার ক্ষমতায় এসেছে তাদের নির্বাচনি ইশতেহারে সার্ক অন্তর্ভুক্ত ছিল। নতুন সরকার সার্ক ইস্যুতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, ওনাকে সার্কের বিস্তারিত তুলে ধরেছি।’
গোলাম সারওয়ার বলেন, ‘সার্ক বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে তা মন্ত্রীকে জানিয়েছি। তিনি সার্ককে কীভাবে গতিশীল করা যায় সেটি জানতে চেয়েছেন। মোট কথায় সার্কের পরিস্থিতি ও এটি কিভাবে চলছে তার ওপর ভিত্তি করে ওনারা ভবিষ্যৎ পরিকল্পনা নেবেন।’
সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মহাসচিব বলেন, ‘সবকিছু নিয়ে আলোচনা হয়েছে।’