পুলিশ বাহিনীর শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির। তিনি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর প্রশাসনের চলমান রদবদলের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।
আলী হোসেন ফকির এতদিন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তার পৈতৃক নিবাস বাগেরহাট জেলায়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পাওয়ার পরপরই আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ১৫ ফেব্রুয়ারি আইজিপি সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিনি স্বপদেই আছেন; পদত্যাগ করেননি।
শেষ পর্যন্ত সরকার পরিবর্তনের আট দিনের মাথায় তাকে সরিয়ে নতুন আইজিপি নিয়োগ দেওয়া হলো।