জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকার বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন। বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক একটি প্রজ্ঞাপনে বরিশালের বর্তমান জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনকে পরের পদায়নের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।