বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। শনিবার (৪ জুলাই) গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এস বলেন।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘আমেরিকার ইতিহাস বাংলাদেশের মানুষসহ বিশ্বজুড়ে সবাইকে অনুপ্রাণিত করেছে। দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে য়ামরা আমেরিকার ইতিহাস ও মূল্যবোধ আরও বেশি করে তুলে ধরতে চাই।’
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ইতিহাসের কথা আরও বেশি করে জানাতে চাই। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরিতে সহযোগিতা করতে চাই।’
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উৎসবের অংশ হিসেবে আয়োজিত ‘আমেরিকান ফেয়ার’ বা মার্কিন মেলা পরিদর্শনের সময় রাষ্ট্রদূত এসব কথা বলেন। মার্কিন সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্রাস ব্যান্ড ঢাকায় মার্কিন দূতাবাসের সঙ্গে যৌথভাবে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করছে।
ক্রিস্টেনসেন বলেন, ‘আমরা আমাদের ইতিহাস, মূল্যবোধ ও আদর্শও সবার কাছে তুলে ধরছি। এটি সত্যিই একটি চমৎকার অভিজ্ঞতা। এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আমেরিকার একটি আবহ বা স্বাদ তুলে ধরার চমৎকার সুযোগ তৈরি হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, ‘আজ আমাদের আসল জন্মদিন। এখানে আসতে পেরে আমি আনন্দিত। পুরো বাংলাদেশ জুড়েই আমরা বড় পরিসরে এই উদযাপন করছি।’
এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস আনুষ্ঠানিকভাবে ‘আমেরিকা উইক ২০২৬’ বা আমেরিকা সপ্তাহ ২০২৬ চালুর ঘোষণা দেয়।