বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (এভিইআরপি) ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সংযুক্তি এবং বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি বাহিনীর ডিজিটাল ব্যবস্থাপনার বর্তমান অগ্রগতি, এভিইআরপির সম্প্রসারণ এবং এআই-ভিত্তিক স্মার্ট প্রশাসন গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন।
মহাপরিচালক জানান, বাহিনীর এভিএমআইএস, এপিএমআইএস, ইএমআইএস, এভিজবস, টিআরজিএমএস, সিআরএম, এসটিডিএমএস, আইএডিএমএস ও এভিএসএসও-সহ বিভিন্ন আন্তঃসংযুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমানে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, মোতায়েন, ভাতা বিতরণ, জনসেবা, অভিযান পরিচালনা, কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় পরিচালিত হচ্ছে। ফলে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, প্রায় ৬০ লাখ সদস্যের তথ্যভান্ডার এবং বহুমাত্রিক ডিজিটাল ডেটা ভবিষ্যতে বিগ ডেটা, মেশিন লার্নিং (এমএল), লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারকে আরও কার্যকর করবে। বাহিনীর নিজস্ব ডেটাভিত্তিক এলএলএম এবং এআই-চালিত অটোমেশন ব্যবস্থা চালু হলে সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা বিশ্লেষণ, প্রশিক্ষণ ব্যবস্থাপনা, কর্মসংস্থান এবং নাগরিকসেবা আরও আধুনিক ও কার্যকর হবে।
বৈঠকে তথ্যপ্রযুক্তি মন্ত্রী উদ্যোগটিকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী উল্লেখ করে বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিচালিত এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই এবং বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে শিগগিরই একটি বিশেষ সভা আয়োজনের নির্দেশনা দেন।
সংশ্লিষ্টদের মতে, আনসার-ভিডিপির বিদ্যমান ডিজিটাল অবকাঠামোর সঙ্গে এআই ও এলএলএম প্রযুক্তির সমন্বয় শুধু বাহিনীর প্রশাসনিক সক্ষমতাই বাড়াবে না; একই সঙ্গে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং নাগরিকসেবা আধুনিকায়নেও এটি একটি কার্যকর মডেল হিসেবে ভূমিকা রাখতে পারে।
বৈঠকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।