বাংলাদেশের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি এই অভিনন্দন জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দু।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারেক রহমানের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ জয়ের পথে নেতৃত্ব দেওয়ায় আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’
বিএনপির চেয়ারম্যানের উদ্দেশে নরেন্দ্র মোদি আরও বলেন, ‘গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকা অব্যাহত রাখবে ভারত। আমাদের বহুমুখী সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা ৯ ঘণ্টা ধরে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। দলটির নেতা তারেক রহমান এই নির্বাচনে দুটি আসন থেকে জয়ী হয়েছেন। ঢাকা-১৭ আসনে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।
এ ছাড়া বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
তারেক রহমানের দল বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২১২টিতে জয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল থেকে এমন তথ্যই পাওয়া গেছে।