ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেশ ও দেশের মানুষের স্বার্থ ‘সবার প্রথমে আসবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও দেশের জনগণের স্বার্থ সবার প্রথমে আসবে। সেই অনুযায়ী পররাষ্ট্রনীতি সাজাবে বিএনপি। শুধু ভারতের সঙ্গে নয়, পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একই অবস্থান থাকবে।’
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরাতে বিএনপি সরকার আইনি পথে হাঁটবে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার পর নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলন তারেক রহমান এসব কথা বলেন।
চীনের আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমরা দেখব, এটি আমাদের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এ জড়িত ছিল কি না- এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘জনগণকে কনভিন্স করাই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং। আর এটি করে সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি করাই ছিলো বিএনপির জন্য কঠিন কাজ।’