‘সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিএনপির নেতা বলছেন, দাঁড়িপাল্লার জন্য কোনো মহিলা যদি ভোট চাইতে যায়, তাঁর কাপড় খুলে নেওয়া হবে। ভোটের আগে যদি তুমি মায়ের কাপড় খুলতে পারো, ভোটের পরে ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও তোমরা খুলে নিতে পারো’ বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী সমাবেশে এ কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘আমরা যারা আল্লাহকে ভয় করি, তারা আমাদের মাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমাদের মায়ের গায়ে হাত তুললে সেই হাত সুস্থভাবে ফিরিয়ে দেব না। আর একটিবার যেন আমার মায়ের গায়ে হাত না তোলা হয়।’
এর আগে বেলা ১১টায় ফরিদগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা সবাই দেশের পরিবর্তন চাই। ৫৪ বছরে আমরা প্রকৃত পরিবর্তন দেখিনি। এ সময়ে তিনটি দলকে ক্ষমতায় দেখেছি, কিন্তু তারা উন্নয়ন করেনি, করেছে দুর্নীতি।’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের পরে অনেক দেশ স্বাধীন হয়ে উন্নতি করেছে। তারা প্রশ্ন করেন, দেশের এই অবস্থা কেন? কারণ, ওই তিনটি দল সর্বক্ষেত্রে দলীয়করণ ও দুর্নীতির আশ্রয় নিয়েছে। বিচারব্যবস্থায় হস্তক্ষেপসহ সবকিছুতেই দলীয়করণ করা হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। দুর্নীতি ও দলীয়করণের কারণে তারা নির্মম ও ঘৃণ্যভাবে নিজেদের জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে।
গোলাম পরওয়ার আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যারা এ দেশের মানুষকে হত্যা, নির্যাতন ও অত্যাচার করছে, তাদের এখনই রুখে দিতে হবে। আর কত মানুষ জীবন দেবে? ছয় বছরের শিশু থেকে বৃদ্ধ, অনেকেই দেশের পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন। আর জীবন নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করতে হবে।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মো. মাজহারুল ইসলাম এবং চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিল।