চলতি বছরের হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার (১৭ এপ্রিল)। ওইদিন রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে একথা জানান ধর্মমন্ত্রী। এ সময় তিনি জানান হজযাত্রা নির্বিঘ্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
হজ ফ্লাইট কবে উদ্বোধন হবে, জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, ‘আগামী ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন। সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কিভাবে হাজিদের খেদমত করতে হবে, কিভাবে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হাজিদের ওপর কোনো অন্যায়, অপরাধ, অবিচার সহ্য করা হবে না।’
মন্ত্রী বলেন, ‘দুই থেকে এক দিনের মধ্যে হজ ক্যাম্প পরিদর্শন করবেন সরকারপ্রধান। হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অনিয়ম মানা হবে না।’ এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, এবার ফ্লাইটের কোনো জটিলতা হবে না।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না বলে আশা ধর্মমন্ত্রীর। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারেন।’
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন চার হাজার ২৬০ জন। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭২ হাজার ৩৪৪ জন।