এএফসি এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চলতি মাসের ৩১ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ১৬ মার্চ, সোমবার থেকে।
এই ম্যাচের আগে ২৬ মার্চ একটি ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল। দুটি ম্যাচকে সামনে রেখে ধীরে ধীরে জাতীয় দলের খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেবেন।
দেশের বাইরে ক্লাব ফুটবল খেলা বেশ কয়েকজন ফুটবলার এবার জাতীয় দলে যোগ দিচ্ছেন। তবে হামজা চৌধুরী ক্যাম্পে শুরু থেকেই থাকছেন না। ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার সরাসরি ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। সবশেষ ম্যাচে লেস্টারের হয়ে শুরুর একাদশে নেমে ভালো পারফরম্যান্সও দেখিয়েছেন তিনি। ফলে পুরোপুরি ফিট অবস্থাতেই তাকে পাচ্ছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
বাংলাদেশের সবশেষ এএফসি ম্যাচে কার্ড জটিলতার কারণে খেলতে পারেননি ফাহামিদুল ইসলাম। ইতালির ক্লাবে খেলা এই উইঙ্গার সোমবারই ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন। একই দিন দেশে ফিরবেন প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী। পূর্ণ শক্তির দল গঠনের লক্ষ্যেই কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সোমিত সোমকেও দলে ডাক দেওয়া হয়েছে। তিনি ১৫ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তার একদিন আগে দেশে আসবেন জায়ান আহমেদ।
এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে এক জয়, দুই ড্র ও দুই পরাজয়ে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। শেষ ম্যাচে জয় তুলে নিয়ে অভিযান শেষ করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। সেই লক্ষ্যেই সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
জাতীয় দল কমিটির সভা শেষে খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার সময়সূচি সম্পর্কে জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।