বিদেশ সফরের আগে যেন শেষ মুহূর্তের হিসাব-নিকাশ সেরে নিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে অবশেষে দল ছোট করলেন কোচ হাভিয়ের কাবরেরা। ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে ছয়জনকে বাদ দিয়ে ঘোষণা করা হয়েছে চূড়ান্ত দল।
ঢাকায় টানা অনুশীলনের মধ্যেই ধীরে-ধীরে দল গুছিয়ে নিচ্ছিলেন কাবরেরা। এই ক্যাম্পে আলোচনার কেন্দ্রে ছিলেন ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে তিনি ঢাকার ক্যাম্পে ছিলেন না, সরাসরি ভিয়েতনামের হ্যানয়ে গিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন।
শেষ ছাঁটাইয়ে বাদ পড়া ছয়জনের মধ্যে আছেন গোলরক্ষক ইশাক আকন্দ। ডিফেন্স থেকে জায়গা হারিয়েছেন ইসা ফয়সাল, মনজুরুর রহমান মানিক ও শাকিল হোসেন। মিডফিল্ড থেকে বাদ পড়েছেন সোহেল রানা জুনিয়র, আর আক্রমণভাগে সুযোগ হয়নি রফিকুল ইসলামের। ক্যাম্পজুড়ে লড়াই করেও শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি তারা।
আজ শুক্রবার রাতেই ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা, যা মূলত নিজেদের প্রস্তুতি যাচাইয়ের মঞ্চ। এরপরই অপেক্ষা আরও বড় চ্যালেঞ্জের; সিঙ্গাপুরে গিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া খেলোয়াড়রা হলেন:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: হামজা চৌধুরী, শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মিরাজুল ইসলাম, সুমন রেজা।