অবশেষে বাংলাদেশ ফুটবলে শেষ হতে যাচ্ছে হাভিয়ের কাবরেরা অধ্যায়। বাফুফের সঙ্গে তার চুক্তির মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত থাকলেও কার্যত এর আগেই শেষ হয়ে গেছে তার দায়িত্বকাল। সর্বশেষ ৩১ মার্চ সিঙ্গাপুরর বিপক্ষে ম্যাচেই ছিল তার অধীনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলর শেষ লড়াই।
নতুন করে কাবরেরার সঙ্গে চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পহেলা মে থেকে নতুন প্রধান কোচ নিয়োগের জন্য সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু হবে। সেখানে কাবরেরাও চাইলে অংশ নিতে পারবেন।
বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, ‘আজ থেকেই আমরা কোচ দেখা শুরু করে দিয়েছি।’
সিঙ্গাপুর সফর শেষে দলের সঙ্গে দেশে ফিরলেও গত শুক্রবার নিজ দেশ স্পেনে ফিরে গেছেন কাবরেরা। ৩০ এপ্রিল পর্যন্ত চুক্তির আনুষ্ঠানিক মেয়াদ থাকলেও এই সময়টা তিনি ছুটিতেই কাটাবেন।
২০২২ সালে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নেন কাবরেরা। শুরুর দিকে কিছুটা আশার আলো দেখালেও সময়ের সঙ্গে সঙ্গে ম্লান হয়ে যায় সেই সম্ভাবনা। ২০২৩ সালে দলকে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে তুলেছিলেন তিনি, যা সমর্থকদের মধ্যে আশা জাগিয়েছিল।
তবে এরপরই শুরু হয় ধারাবাহিক ব্যর্থতা। দলে হামজা চৌধুরী ও শমিত সোমর মতো নতুন মুখ আসার পরও প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। এমনকি গত বছরের নভেম্বরে ভারতর বিপক্ষে ১-০ গোলের জয়ও সমালোচনা থামাতে পারেনি।
কাবরেরার অধীনে ৩৯ ম্যাচে মাত্র ১০ জয় পেয়েছে বাংলাদেশ। সমান ১০টি ম্যাচ ড্র করলেও হেরেছে ১৯টিতে। পরিসংখ্যানই বলছে, এই বিদায় ছিল অনেকটাই সময়ের অপেক্ষা।