বিসিবিতে নতুন অধ্যায়ের শুরুটা হলো দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সরিয়ে দিয়ে ১১ সদস্যের অ্যাড-হক কমিটিকে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনার।
মঙ্গলবার দায়িত্ব পাওয়ার পর প্রথম বৈঠক করলেও তখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পাননি সদস্যরা। তবে গতকাল বুধবারের বৈঠকে স্পষ্ট হয়ে গেছে কে কোন কমিটির দায়িত্বে থাকছেন।
অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল নিজেই নিয়েছেন ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব। মাঠ ও অবকাঠামো ব্যবস্থাপনায় দেখা যাবে রফিকুল ইসলাম বাবুকে। আর টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব গেছে অভিজ্ঞ মিনহাজুল আবেদীন নান্নুর কাঁধে। নারী ক্রিকেটে প্রত্যাশিতভাবেই নেতৃত্বে এসেছেন রাশনা ইমাম। বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে আছেন তানজিল চৌধুরি। লজিস্টিক ও প্রটোকল দেখবেন মির্জা ইয়াসির আব্বাস।
মার্কেটিং ও শৃঙ্খলা কমিটির দায়িত্ব পেয়েছেন সালমান ইস্পাহানি। আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন আতাহার আলী খান। নিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করবেন সৈয়দ ইব্রাহিম আহমেদ।
এছাড়া ফাহিম সিনহা গেম ডেভেলপমেন্ট ও বিপিএল দেখবেন, আর ফাইন্যান্স ও ওয়েলফেয়ারের দায়িত্বে আছেন ইসরাফিল খসরু।
কে কোন দায়িত্বে:
তামিম ইকবাল— ওয়ার্কিং কমিটি, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট
ফাহিম সিনহা— গেম ডেভেলপমেন্ট, বিপিএল
রফিকুল ইসলাম বাবু— গ্রাউন্ডস কমিটি
তানজিল চৌধুরি— বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি
সালমান ইস্পাহানি— মার্কেটিং ও কমার্শিয়াল, ডিসিপ্লিনারি কমিটি
রাশনা ইমাম— নারী ক্রিকেট, মেডিকেল
ইসরাফিল খসরু— ফাইন্যান্স, ওয়েলফেয়ার
সৈয়দ ইব্রাহিম আহমেদ— সিকিউরিটি, টেন্ডার অ্যান্ড পারচেজ
মিনহাজুল আবেদীন নান্নু— টুর্নামেন্ট কমিটি
মির্জা ইয়াসির আব্বাস— লজিস্টিক্স অ্যান্ড প্রটোকল
আতাহার আলী— আম্পায়ার কমিটি