আইপিএল বনাম পিএসএল, ক্রিকেট দুনিয়ার এই চিরচেনা তুলনায় এবার নতুন করে আগুন জ্বালালেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার রাইলি রুশো। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে পিএসএলের ১১তম আসরে খেলতে নেমেই তিনি এমন এক মন্তব্য করলেন, যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
রুশোর চোখে, দুই লিগের পার্থক্য শুধু মাঠের খেলাতেই নয়, পরিবেশ আর উপস্থাপনাতেও। তার ভাষায়, ‘দুটো লিগেরই ভালো ও খারাপ দিক আছে। আইপিএল অনেক লম্বা টুর্নামেন্ট। আর পিএসএল অনেক ছোট ও ঘন সাজানো, যেখানে প্রতিযোগিতা অনেক বেশি তীব্র। আইপিএলে বলিউডের বড় সংযোগ থাকায় সেটা আসল ক্রিকেটের চেয়ে সিনেমার মতো বেশি হয়ে যায়।’ এই এক মন্তব্যেই যেন আইপিএলের চাকচিক্যের ভেতরের আরেক ছবি তুলে ধরলেন তিনি।
রুশোর এই মন্তব্য অবশ্য একেবারে নতুন কিছু নয়। এর আগে করাচি কিংসের হয়ে খেলা অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পাও একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। তার মতে, আইপিএলের দীর্ঘ দুই মাসের সূচিতে একজন বিশেষজ্ঞ স্পিনারের প্রভাব অনেক সময় ঠিকভাবে মূল্যায়িত হয় না, যা পিএসএলে তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান।
আইপিএলে রুশোর পথচলা ছিল খানিকটা অমসৃণ। ২০১১ সালে প্রথমবার নিলামে উঠলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে নিলেও মাঠে নামার সুযোগ পাননি। অবশেষে ২০১৪ সালে তার আইপিএল অভিষেক। এরপর দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের হয়েও খেলেছেন। ২২ ম্যাচে ২৩.৬৫ গড়ে ৪৭৩ রান, স্ট্রাইক রেট প্রায় ১৫৩, সংখ্যাগুলো খারাপ নয়, কিন্তু ধারাবাহিকতা ছিল প্রশ্নের মুখে। সর্বোচ্চ ইনিংস ৮২ নটআউট। ২০২৪ সালে পাঞ্জাব কিংস তাকে ৮ কোটি রুপিতে দলে নিলেও ২০২৫ মৌসুমের আগেই ছেড়ে দেয়। পরের মেগা নিলামে ২ কোটি রুপি বেস প্রাইসে নাম দিলেও কোনো দল আগ্রহ দেখায়নি; যা তার আইপিএল অধ্যায়ের অনিশ্চয়তাকেই সামনে নিয়ে আসে।
অন্যদিকে, পিএসএল ২০২৬-এ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স তাকে দলে নিয়েছে ৫৫.৫ লাখ পাকিস্তানি রুপিতে। এখন পর্যন্ত চার ম্যাচে ১৯.৭৫ গড়ে ৭৯ রান করেছেন, যার মধ্যে রাওয়ালপিন্ডির বিপক্ষে ১০ এপ্রিল করা ৫৩ রানই তার সেরা ইনিংস।
সবমিলিয়ে, রুশোর এই মন্তব্য যেন আবারও মনে জানান দিল- ক্রিকেট শুধু ব্যাট-বলের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিনোদন, ব্যবসা আর দর্শকের প্রত্যাশার জটিল এক সমীকরণ।