বার্সেলোনায় লিওনেল মেসির প্রত্যাবর্তন! এই স্বপ্নটা ভক্তদের মনে বহুদিন ধরেই বেঁচে আছে। কিন্তু সেই স্বপ্নে এবার যেন বাস্তবতার ঠান্ডা পানি ঢাললেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকো।
তার সোজাসাপ্টা বক্তব্য, মেসির ফেরা নিয়ে যত আলোচনা হয়েছে। তার বেশির ভাগই ছিল গুঞ্জন, বাস্তব নয়। ডেকোর দাবি, মেসি নিজে বা তার পক্ষ থেকে কখনোই বার্সেলোনার সঙ্গে ফেরার বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি।
২০২১ সালে আবেগঘন বিদায়ের পর থেকেই সমর্থকদের আশা ছিল একদিন হয়তো আবারও ন্যু ক্যাম্পে ফিরবেন আর্জেন্টাইন জাদুকর। বিশেষ করে ২০২৩ সালে এই আলোচনা নতুন করে জোর পায়। কিন্তু ডেকো সেই সময়ের ঘটনাগুলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করলেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি বা তার পক্ষ থেকে কখনো আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। কেউ বলেনি যে সে ফিরতে চায় বা আবার বার্সেলোনার হয়ে খেলতে আগ্রহী।’—এই মন্তব্যেই যেন দীর্ঘদিনের জল্পনা এক ধাক্কায় থামিয়ে দিলেন তিনি।
ডেকো আরও ইঙ্গিত দেন, ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরেও মেসির নাম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, আবেগ আর রাজনীতির মিশেলে বিষয়টি বাস্তবতার চেয়ে বড় হয়ে উঠেছিল।
এই প্রসঙ্গে সাবেক কোচ জাভি হার্নান্দেজ একসময় অভিযোগ করেছিলেন, প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা নাকি মেসির ফেরার পথ আটকে দিয়েছেন। যদিও লাপোর্তার পক্ষ থেকে সেই অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়।
তবে সব বিতর্কের মাঝেও ডেকোর কণ্ঠে ছিল সম্মান আর বাস্তবতার মিশ্রণ। তার ভাষায়, ‘ফুটবলেও সবকিছুরই একটা সময় থাকে। আমরা চাই অনেক কিছুই চিরস্থায়ী হোক, কিন্তু বাস্তবতা ভিন্ন।’—এই কথায় যেন মেসি-বার্সা অধ্যায়ের স্বাভাবিক পরিসমাপ্তির ইঙ্গিতই মিলেছে।
বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি, এবং সেখানে তিনি সুখেই আছেন বলেই মনে করেন ডেকো। তাই এই মুহূর্তে তার ফেরার কোনো বাস্তব সম্ভাবনা দেখছেন না তিনি।