বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী ১৭ এপ্রিল (শুক্রবার)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচ।
আসন্ন এই সিরিজে ভালো ফল এলে খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নতুন অ্যাডহক কমিটিও আত্মবিশ্বাস পাবে বলে মনে করেন স্পিন কোচ মোহাম্মদ রফিক।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীতে একটি স্কুল ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ সময়ের নানা জটিলতার পর অবশেষে বাংলাদেশে একটি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ইতিবাচক দিক।’ তার মতে, এই সিরিজে জয় পেলে অতীতের হতাশা কাটিয়ে খেলোয়াড়রা আত্মবিশ্বাস ফিরে পাবে এবং নতুন দায়িত্ব নেওয়া কর্মকর্তারাও উৎসাহিত হবেন।
বোর্ডে নিজের ভূমিকা প্রসঙ্গে রফিক জানান, অবসরের পর থেকেই তিনি ক্রিকেটের সঙ্গে থাকতে চেয়েছেন। বিসিবি তাকে নতুন দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। নতুন কমিটি বসার পর তার দায়িত্ব নির্ধারণ হবে বলেও জানান তিনি।
জাতীয় দলের দায়িত্ব নিয়ে তিনি বলেন, তাকে যেকোনো বিভাগে কাজ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। নির্দিষ্ট কোনো দল নয়, বরং যেখানে প্রয়োজন হবে সেখানেই কাজ করতে প্রস্তুত আছেন রফিক।