বাংলাদেশ জাতীয় ফুটবল দলে শেষ হলো এক ব্যর্থ অধ্যায়ের গল্প। চার বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বাফুফে। ৩০ এপ্রিল শেষ হয়েছে তার মেয়াদ, আর তাতেই ইতি টানলেন বাংলাদেশ অধ্যায়ে।
বিদায়ের মুহূর্তে আবেগঘন বার্তা দিয়েছেন কাবরেরা। সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার যাত্রা শেষ হতে চলেছে। চার বছর চার মাস, যা বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে কোনো প্রধান কোচের দীর্ঘতম মেয়াদ। আমি এমন কিছু অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি যা প্রতিটি সেকেন্ডের জন্য সার্থক ছিল।’
বাংলাদেশের ফুটবল ভক্তদের কথাও আলাদা করে উল্লেখ করেছেন তিনি। কাবরেরা লিখেছেন, ‘আমরা অনেক লম্বা পথ চলেছি, মাঠে ও মাঠের বাইরে। হাজারো ভক্তের সামনে খেলা থেকে শুরু করে দর্শকে ঠাসা স্টেডিয়ামগুলোতে অবিস্মরণীয় রাত, এমন সব মুহূর্ত তৈরি হয়েছে যেগুলো সবসময় বাংলাদেশের ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’
নিজের সময়ে পাওয়া সাফল্যগুলোও স্মরণ করেছেন এই স্প্যানিশ কোচ। তার ভাষায়, ‘একসঙ্গে আমরা দৃঢ় পরিচিত ও প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করেছি যার মাধ্যমে আমরা মহাদেশের শক্তিশালী জাতীয় দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ১৪ বছর পর সাফ সেমিফাইনালে ওঠা, ২২ বছরে প্রথমবার ভারতকে হারানো এবং ২০১৬ সালের পর ফিফার সর্বোচ্চ র্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু মাইলফলকে আমরা পৌঁছেছিলাম।’
ভবিষ্যৎ নিয়েও আশাবাদী কাবরেরা। তিনি লিখেছেন, ‘পরবর্তী প্রজন্মের জন্য আমরা যে পথ তৈরি করেছি, তার জন্য বিশেষ করে আমি গর্বিত। এই সময়ে ২১ জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের অভিষেক হয়েছে, যারা এশিয়ার অন্যতম তরুণ জাতীয় দল প্রতিষ্ঠা করেছে এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করেছে।’
২০২২ সালে দায়িত্ব নেওয়া কাবরেরার অধীনে বাংলাদেশ ৩৯ ম্যাচে মাত্র ১০টি জয় পেয়েছে। এখন তার বিদায়ের পর নতুন কোচের সন্ধানে নেমেছে বাফুফে, শুরু হতে যাচ্ছে আরেকটি নতুন অধ্যায়।