যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পোমোনার ফেয়ারপ্লেক্সে অত্যাধুনিক নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড উদ্বোধন করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও নাইট রাইডার্স গ্রুপ (কেআরজি)। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
নবনির্মিত এই স্টেডিয়াম যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ইভেন্টের ম্যাচ আয়োজনেও এই ভেন্যুটির ব্যবহার হতে পারে।
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সহ-মালিক শাহরুখ খান সামাজিক যোগাযোগমাধ্যমে স্টেডিয়াম উদ্বোধনের আনন্দ প্রকাশ করে এটিকে দীর্ঘদিনের স্বপ্নপূরণ বলে উল্লেখ করেছেন।
শাহরুখ খান লিখেছেন, ‘একসময় যা শুধু স্বপ্ন ছিল, তা আজ বাস্তবে রূপ নিয়েছে। আপনাদের সবাইকে স্বাগত নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড, লস অ্যাঞ্জেলেসে। এটি শুধু খেলাধুলা নয়, বিনোদন, পরিবার ও আজীবন মনে রাখার মতো স্মৃতি তৈরিরও একটি স্থান।"
শাহরুখ জানান, এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য তিনি আইসিসির চেয়ারম্যান জয় শাহ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘এটি লস অ্যাঞ্জেলেসের জন্য, বিশ্বের সব ক্রিকেটপ্রেমীর জন্য ও নাইট রাইডার্স পরিবারের জন্য। পার্পল অ্যান্ড গোল্ডে বিশ্বাস রাখুন। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের ঘরে আপনাদের স্বাগত।’
বৃহস্পতিবার (২ জুলাই) স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উদ্বোধনী ম্যাচে মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের মুখোমুখি হয় ওয়াশিংটন ফ্রিডম।
শাহরুখ খান ও নাইট রাইডার্স গ্রুপকে অভিনন্দন জানিয়ে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘নতুন এই ভেন্যু ক্রিকেটের বৈশ্বিক বিস্তারে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতি চলাকালে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ক্রিকেট ভেন্যু হিসেবে নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড আত্মপ্রকাশ করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।