ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করা নিয়ে ম্যাচের আগেই তুমুল বিতর্ক হয়েছিল। ফিফার সিদ্ধান্ত, ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আলোচনা আর বেলজিয়ামের ক্ষোভ; সব মিলিয়ে উত্তপ্ত ছিল শেষ ষোলোর লড়াই। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে উঠে আসে রোমেলু লুকাকুর গোল উদযাপন।
যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর নিজের পরিচিত নাচ উদযাপন করেন বেলজিয়ামের এই স্ট্রাইকার। আর সেই নাচকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ট্রাম্পকে উদ্দেশ্য করে করা প্রতীকী ‘ট্রাম্প নৃত্য’ হিসেবে ব্যাখ্যা করছেন। বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
এর আগে আগের ম্যাচে লাল কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পর ফিফা তার সেই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে। ফলে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার সুযোগ পান বালোগান।
ফিফার এই সিদ্ধান্ত ফুটবল বিশ্বে ব্যাপক সমালোচনার জন্ম দিলেও মাঠে তার কোনো প্রভাব রাখতে পারেননি বালোগান। পুরো ম্যাচেই ছিলেন নিষ্প্রভ। অন্যদিকে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম এবং শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় তুলে নেয়।
ম্যাচ শেষে বেলজিয়ামের মিডফিল্ডার ইউরি টিলেমানস জানান, বালোগুনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কই তাদের আরও উজ্জীবিত করেছিল। তিনি বলেন, ‘সত্যি বলতে, খবরটি শোনার পর আমরা দলীয় বৈঠক করেছিলাম। তখন নিজেদের বলেছিলাম, মাঠেই আমাদের জবাব দিতে হবে। আজ আমরা সেটাই করেছি। দলের জন্য আমি ভীষণ গর্বিত।’
টিলেমানস আরও বলেন, ‘আমরা জানতাম, শুরু থেকেই তাদের চাপে ফেলতে পারলে তারা ভুল করবে। সেটাই হয়েছে।’
এদিকে যুক্তরাষ্ট্রের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে নিয়ে ছড়িয়ে পড়ে অসংখ্য মিম। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিল লুকাকুর গোল উদযাপনের নাচ। অনেক সমর্থকই এটিকে ‘ট্রাম্প নৃত্য’ বলে উল্লেখ করছেন। যদিও লুকাকু নিজে তার উদযাপন নিয়ে কোনো মন্তব্য করেননি।