হৃদয়বিদারক এক খবরে স্তব্ধ ফুটবল বিশ্ব। লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর জানিয়েছে। বেশ কিছু দিন ধরেই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন তিনি।
কয়েক মাস আগেও বাবার অসুস্থতা নিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন মেসি। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর মাঠেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। পরে নিজের কান্নার কারণ জানাতে গিয়ে মেসি বলেছিলেন, ‘আমি কেন কাঁদছিলাম? এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই ছিল না। কয়েকটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম।'
মেসির সেই আবেগঘন মুহূর্তের পরই হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে নানা ধরনের খবর প্রকাশিত হলে মেসি পরিবারের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, হোর্হে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, ‘মেসি পরিবার জানাতে চায়, হোর্হে মেসি বর্তমানে স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়াই করছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’ একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত বিষয় ও গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ জানানো হয়েছিল।
এরপর জুলাইয়ের শেষ দিকে মেসি মেজর লিগ সকারের তারকা ম্যাচেও খেলেননি। ধারণা করা হয়েছিল, বাবার শারীরিক অবস্থার কারণে তাকে সময় দিতে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। কয়েক দিন পর অবশ্য আবার মাঠে ফিরেছিলেন তিনি।
হোর্হে মেসি শুধু লিওনেল মেসির বাবা ছিলেন না, দীর্ঘদিন ধরে ছেলের এজেন্ট হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মেসির ফুটবল ক্যারিয়ারের উত্থান-পতনের অসংখ্য মুহূর্তের নেপথ্যে ছিলেন তিনি। সেই মানুষটিই এবার চলে গেলেন না ফেরার দেশে।
ফুটবল মাঠে মেসির অসংখ্য সাফল্যের সাক্ষী ছিলেন হোর্হে। ছেলের হাতে বিশ্বকাপ উঠতে দেখেছেন, দেখেছেন অগণিত রেকর্ড ও শিরোপার মুহূর্ত। এবার সেই প্রিয় বাবাকেই হারালেন ফুটবলের মহাতারকা। ৬৮ বছর বয়সে থেমে গেল হোর্হে মেসির জীবন, রেখে গেলেন বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় এক তারকার জীবনে গভীর শূন্যতা।
সূত্র - গোল ডট কম