আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি ও তার পরিবার রোববার সকালে তার বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন। ৬৮ বছর বয়সে মারা যাওয়া হোর্হে মেসির শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোসারিও শহরের উপকণ্ঠে এল প্রাদো নামের একটি বেসরকারি কবরস্থানে। ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে আয়োজিত এই শেষ বিদায়ে ছিল কড়া নিরাপত্তা।
ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে রোসারিও পৌঁছান। পরে মা সেলিয়া কুচ্চিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সলের সঙ্গে বাবার শেষকৃত্যে অংশ নেন তিনি। পরিবারের গোপনীয়তা রক্ষায় শনিবার দুপুরের পর কবরস্থানটি সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।
তবু প্রিয় তারকার পাশে থাকতে রোসারিও বিমানবন্দর ও কবরস্থানের বাইরে জড়ো হন কিছু ভক্ত। এল প্রাদোর সীমানায় একটি ব্যানারে লেখা ছিল, ‘শক্ত থাকো, লিও। আমরা তোমাকে ভালোবাসি।’ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও জাতীয় দলের কোচিং স্টাফের পক্ষ থেকেও হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক পাঠানো হয়।
রোসারিওর মেয়র পাবলো জাভকিনও মেসি পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শেষকৃত্য নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় সরকার পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছে।
হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনার সব পেশাদার ও যুব ফুটবল প্রতিযোগিতায় ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের পরতে বলা হয়েছে কালো আর্মব্যান্ড।
মেসির শৈশবের ক্লাব রোসারিওর আবান্দেরাদো গ্রান্দোলিওও পুরোনো একটি ছবি প্রকাশ করে হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। সেই ছবিতে ছোট্ট মেসির সঙ্গে ছিলেন তার বাবা ও দলের অন্য শিশু খেলোয়াড়রা।