ভারতের ঘরোয়া ক্রিকেটে এবার দেখা দিয়েছে অদ্ভুত এক বিতর্ক। বিশাল জনসংখ্যার উত্তরপ্রদেশ ভেঙে তিনটি পৃথক রঞ্জি দল গঠনের দাবিতে আন্দোলনে নেমেছেন তরুণ ক্রিকেটাররা। তাদের অভিযোগ, এত বড় রাজ্যে একটি মাত্র রঞ্জি দল থাকায় বহু প্রতিভাবান ক্রিকেটার সুযোগ পাচ্ছেন না।
উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদর দপ্তরের সামনে প্রায় ২৫০ জন উদীয়মান ক্রিকেটার ও তাদের অভিভাবক বিক্ষোভ করেন। ব্যানার-ফেস্টুন নিয়ে আন্দোলনে অংশ নেওয়া বেশিরভাগ ক্রিকেটারই মধ্য উত্তরপ্রদেশ ও পূর্বাঞ্চলের।
আন্দোলনকারীদের দাবি, প্রায় ২৫ কোটি মানুষের এই রাজ্যকে তিনটি প্রশাসনিক অঞ্চলে ভাগ করে তিনটি আলাদা ক্রিকেট অ্যাসোসিয়েশন করা হোক। প্রতিটি অঞ্চলের জন্য একটি করে রঞ্জি দল থাকলে গ্রাম ও মফস্বল থেকে উঠে আসা ক্রিকেটারদের সুযোগ বাড়বে বলে মনে করছেন তারা।
উত্তরপ্রদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অরবিন্দ সিং পিটিআইকে বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এর আগে উত্তরপ্রদেশে একের বেশি রঞ্জি দল থাকা উচিত বলে মত দিয়েছিলেন। দেশের সবচেয়ে জনবহুল এই রাজ্যে প্রতি বছর শত শত প্রতিভা তৈরি হচ্ছে, যাদের উপযুক্ত মঞ্চ দেওয়া সত্যিই চ্যালেঞ্জিং।’
বর্তমানে মহারাষ্ট্রই একমাত্র রাজ্য, যেখান থেকে মহারাষ্ট্র, মুম্বাই ও বিদর্ভ—তিনটি দল রঞ্জি ট্রফিতে খেলে। উত্তরপ্রদেশের এই দাবি বিসিসিআই আমলে নিলে ভারতের ঘরোয়া ক্রিকেটের কাঠামোতেই বড় পরিবর্তন আসতে পারে।