ব্যালন ডি’অর নিয়ে ফুটবল বিশ্বে বিতর্ক নতুন কিছু নয়। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন জোসে মরিনহো। পর্তুগিজ এই কোচের মতে, দলীয় সাফল্য বা শিরোপা জয়ের হিসাব দিয়ে নয়, একজন ফুটবলারের অসাধারণ প্রতিভা ও খেলার প্রভাব বিবেচনা করেই দেওয়া উচিত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কার।
মরিনহোর কাছে ব্যালন ডি’অর এমন একজন খেলোয়াড়ের প্রাপ্য, যার খেলা ক্যারিয়ার শেষ হওয়ার পরও মানুষ মনে রাখবে। নিজের বক্তব্য বোঝাতে ডিয়াগো ম্যারাডোনা, রোনালদো নাজারিও, লিওনেল মেসি ও জিনেদিন জিদানের উদাহরণ টেনেছেন তিনি।
মরিনহো বলেন, ‘আমার কাছে মনে হয়, ব্যালন ডি’অর তাদেরই পাওয়া উচিত, যারা অবসর নেওয়ার পরও আমরা মিস করি, তাদের আমরা চিরকাল মিস করব। আমি ম্যারাডোনাকে মিস করি, নাজারিওকে মিস করি, মেসিকে মিস করি, জিজুকেও (জিদান) মিস করি।’
শুধু চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ্বকাপ জিতলেই একজন খেলোয়াড় ব্যালন ডি’অরের দাবিদার হয়ে যাবেন; এমন ধারণার সঙ্গেও একমত নন মরিনহো। তার মতে, যদি দলীয় সাফল্যই পুরস্কারের প্রধান মানদণ্ড হয়, তাহলে সেই পুরস্কার খেলোয়াড়ের বদলে দলের কোচের পাওয়া উচিত।
তিনি বলেন, ‘শুধু কেউ চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ্বকাপ জিতেছে বলেই তাকে ব্যালন ডি’অর দিতে পারেন না। যদি চ্যাম্পিয়নস লিগকে পুরস্কৃত করতে চান, তাহলে ব্যালন ডি’অর দিন লুইস এনরিকেকে। আর স্পেনের ক্ষেত্রে নিশ্চয়ই দে লা ফুয়েন্তে এটা পাওয়ার যোগ্য।’
বিশ্বসেরা খেলোয়াড়ের পরিচয় শুধু পিএসজি কিংবা স্পেনের মধ্যে সীমাবদ্ধ; তার মতে, বিশ্ব ফুটবলে একাধিক অসাধারণ খেলোয়াড় রয়েছেন, যাদের নাম ফুটবলপ্রেমীদের অজানা নয়। মরিনহো বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়কে পিএসজি কিংবা স্পেনের হতে হবে এমন কোনো কথা নেই। দুজন, তিনজন কিংবা চারজন আছে; আমরা জানি তারা কারা।’
ব্যালন ডি’অরের নির্বাচনপ্রক্রিয়া নিয়েও নিজের অসন্তোষের কথা জানিয়েছেন মরিনহো। তার অভিযোগ, এই পুরস্কারের সিদ্ধান্তে রাজনীতির প্রভাব রয়েছে। আর সেই কারণেই পুরো প্রক্রিয়াটি তার কাছে ভালো লাগে না। মরিনহোর ভাষায়, ‘ব্যালন ডি’অরে রাজনীতি আছে। আর যখন রাজনীতি ঢুকে পড়ে, তখন বিষয়টি আমার আর তেমন ভালো লাগে না।’