এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ সামনে রেখে প্রস্তুতি পরিকল্পনায় পরিবর্তন আনছে বাংলাদেশ ফুটবল দল। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ওই ম্যাচের আগে একটি প্রীতি ম্যাচ আয়োজনের লক্ষ্যে তিনটি দেশের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রাথমিকভাবে কম্বোডিয়া কিংবা পূর্ব তিমুরের বিপক্ষে ম্যাচ হওয়ার কথা জানানো হলেও শেষ পর্যন্ত ওই দুই দেশের কেউই বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে না।
সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে এগিয়ে এসেছে ভিয়েতনাম। তবে ম্যাচটি আর সিলেটে হচ্ছে না; ভিয়েতনামের মাটিতেই এই ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামতে পারে কাবরেরার দল।
এই পরিবর্তনের ফলে আগের সূচিতেও সংশোধন আসছে। বাফুফের ঘোষণায় ছিল, সিলেটে প্রীতি ম্যাচ খেলে ২৮ মার্চ সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে দল। এখন সেই পরিকল্পনা বদলে আগেই ঢাকা ছাড়তে হবে ফুটবলারদের। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ শেষ করেই সিঙ্গাপুরে যাবে বাংলাদেশ দল। অন্যদিকে হামজা চৌধুরী, সোমিত সোম ও ফাহামিদুল ইসলাম সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিতে পারেন। যদিও জাতীয় দলের এই নতুন সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বাফুফে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই অভিযান শুরু করে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচে ভারতের বিপক্ষে হোম ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া ভারত ও হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দুটিতে ড্র করেছে দল। এসব ফলাফলে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে কাবরেরার শিষ্যরা।