দাপট, ধারাবাহিকতা আর আত্মবিশ্বাস; সবকিছুর নিখুঁত প্রদর্শনী দিয়ে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ নারী দল। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল টাইগ্রেসরা।
নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। তবে শুরু থেকেই বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে পড়ে ডাচরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১০২ রান। দলের হয়ে সানিয়া খুরানা ৩৭ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন। রবিনে রিজকে করেন ৪৫ বলে ৩৯ রান।
বাংলাদেশের বোলিংয়ে মূল ভূমিকা রাখেন নাহিদা আক্তার। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৬ রানের মধ্যেই দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ফিরে যান। তবে দ্রুত বিপর্যয় সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। শারমিন ২৮ বলে ১৩ রান করে বিদায় নিলেও ইনিংসের নিয়ন্ত্রণ ধরে রাখেন জ্যোতি।
এরপর ফর্মের তুঙ্গে থাকা সোবহানা মোস্তারীকে নিয়ে জয়ের পথে দলকে এগিয়ে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। লক্ষ্য সহজ হওয়ায় ঝুঁকি না নিয়ে কার্যকর ব্যাটিং করেন দুজন। টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়ে ৪৪ বলে অপরাজিত ৫০ রান করেন টাইগ্রেস অধিনায়ক। অন্য প্রান্তে ২৩ বলে ৩৩ রানের ঝরঝরে ইনিংস খেলেন সোবহানা মোস্তারী।
শেষ পর্যন্ত ২০ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্বে ৪ ম্যাচ ও সুপার সিক্সে ৩ ম্যাচ, সব মিলিয়ে ৭ ম্যাচে ৭ জয়ে একমাত্র অপরাজিত দল হিসেবে বাছাইপর্ব শেষ করল টাইগ্রেসরা। টেবিলের শীর্ষে থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে মূল পর্বের অপেক্ষায় বাংলাদেশ নারী দল।