ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছেন রুমিছা বেগম
ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছেন রুমিছা বেগম

জীবনের নির্মম বাস্তবতা আর একের পর এক প্রতিকূলতার মধ্যেও হার মানেননি বাগেরহাট সদর উপজেলার উত্তর রাড়ীপাড়া গ্রামের রুমিছা বেগম (৫৫)। পাঁচ বছরের নাতিকে বুকে আগলে প্রতিদিন ভ্যান চালিয়ে জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছেন এই সংগ্রামী নারী। সামান্য আয়েই চলছে তার নাতি ও নিজের সংসার। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে প্রথমে রান্না করেন তিনি। নাতিকে নিয়ে খেয়ে নিয়ে সকালেই বেরিয়ে পড়েন ভ্যান নিয়ে। সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাগেরহাট শহর ও আশপাশের সড়কে ভ্যান চালান রুমিছা বেগম। দিন শেষে যা আয় হয়, তা দিয়েই কোনোভাবে চলে দুজনের খাবার ও নিত্যপ্রয়োজনীয় খরচ।