উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাইয়ের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০.২১ টাকা থেকে কমিয়ে ১৩০.৯৯ টাকা করা হয়েছে। মঙ্গলবার (৭ জলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এ হিসাবে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি কমানো হয়েছে ১৯.২২ টাকা। এর আগে জুনে ১৬৫.৮৮ টাকা থেকে কমিয়ে ১৫০.২১ টাকা করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৯৮০৮ ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের ২৪ মার্চ জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ ও আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিল আবারও বাড়ানো হয় দাম।
পরে মে মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭.৮ টাকা থেকে কমিয়ে ২০৫.৪৫ টাকা করা হয়। সর্বশেষ জুনের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫.৮৮ টাকা থেকে কমিয়ে ১৫০.২১ টাকা করা হয়েছে। অর্থাৎ তখন লিটারপ্রতি দাম কমানো হয় ১৫.৬৭ টাকা।