দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। বুধবার (২১ জানুয়ারি) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে টানা ষষ্ঠ দফা এ ধাতুর দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে আট হাজার ৩৩৯ টাকা বাড়িয়েছে সংগঠনটি, যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, যা দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ছয় হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও বলেছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
দেশের বাজারে সবশেষ ১০ দফা সমন্বয়ের মধ্যে আটবারই বেড়েছে সোনার দাম, কমেছে দুইবার। এর মধ্যে সবশেষ টানা ছয় দফায় মূল্যবান এই ধাতুর দাম বাড়ানো হয়েছে মোট ২৫ হাজার ৬৬১ টাকা। এর আগে সবশেষ চলতি বছরের ২০ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৪ হাজার ১২৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি, যা ছিল দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয়েছিল ২১ জানুয়ারি থেকে।
এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
এদিকে সোনার দাম বাড়ানোর সঙ্গে এবার বাড়ানো রয়েছে রুপার দামও। ভরিতে ২৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৮৮২ টাকা, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ছয় হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার ৫৯৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ১৯৯ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সাত দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম পাঁচ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি দুই দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র তিনবার।