তেহরানের তেল ও পরিশোধিত জ্বালানির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের পরপরই ইরান থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কেনা শুরু করেছে ভারত।
দীর্ঘ সাত বছর পর তেহরান থেকে নয়াদিল্লির এই প্রথম জ্বালানি আমদানির খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
২০১৯ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে ইরান থেকে জ্বালানি কেনা বন্ধ করে দিয়েছিল ভারত।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় এবং হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় গত ২০ মার্চ এক মাসের জন্য এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করে ট্রাম্প প্রশাসন।
মূলত তেলের দাম কমিয়ে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখা এবং মার্কিন অভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়।
আল জাজিরা জানিয়েছে, ইরানি এলপিজি বহনকারী নিষেজ্ঞাভুক্ত ট্যাঙ্কার অরোরা খুব শিগগিরই ভারতের পশ্চিম উপকূলীয় ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এই জ্বালানি ভারতের তিনটি রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণনকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসিএল) ও হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনের (এইচপিসিএল) মধ্যে ভাগ করে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে অন্যতম ভারত।