ইরানের সাধারণ জনগণকে মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রেনে ভ্রমণ না করার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।
এদিন আইডিএফের ফারসি ভাষার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে ইরানিদের উদ্দেশে বলা হয়, ‘আপনাদের নিরাপত্তার স্বার্থে আজ স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত ইরানজুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকুন।’
পোস্টে আরও বলা হয়, ‘ট্রেনে অবস্থান করা বা রেলপথের আশেপাশে থাকা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।’
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ইসরায়েলের এই সতর্কবার্তা এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে অবাধে চলাচলের অনুমতি না দেয়, তাহলে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, তারা তেহরানে ইরান সরকার-সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহর কয়েকজন সদস্য নিহত হয়েছে বলেও দাবি করা হয়।